নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সকল আসামিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারনামীয় আসামিদের ছবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
দাবি মানা না হলে নরসিংদীর পুলিশ সুপার ও মাধবদী থানার ওসিকে অপসারণের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন ক্র্যাব নেতারা।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সাংবাদিকদের ওপর প্রকাশ্য হামলার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা হতাশাজনক। দ্রুত গ্রেফতার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজাব), রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক), পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম বলেন, নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলাকারীরা চিহ্নিত চাঁদাবাজ। তাদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে বলেই এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অপসারণ দাবি করেন তিনি।
ডিইউজে সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ক্রাইম রিপোর্টাররা আক্রান্ত হওয়া মানেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করতে হবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। দ্রুত আসামি গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, সিসিটিভি ফুটেজে শনাক্ত আসামিদের গ্রেফতার না করা প্রশাসনিক গাফিলতির প্রমাণ। বিলম্ব করে আসামিদের পালানোর সুযোগ দেওয়া হয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, ট্রিপল নাইনে ফোন করার পরও সময়মতো পুলিশ না পৌঁছানো চরম ব্যর্থতা। হামলার দায় এড়াতে পারে না ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষও তাদের সংশ্লিষ্টতা তদন্তের দাবি জানান বক্তারা।
এ সময় ক্র্যাবের সহ-সভাপতি জিয়া খান আগামী ২৬ জানুয়ারি ‘ব্ল্যাক ডে’ হিসেবে ঘোষণার প্রস্তাব দেন।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্র্যাবের পিকনিকের বাসে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন ক্র্যাব সদস্য আহত হন, যাদের চারজনের অবস্থা গুরুতর। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।