আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনও ধরনের মারণাস্ত্র (লেথাল ওয়েপন) ব্যবহার করবে না বলে ঘোষণা দিয়েছে বিজিবি উচ্চপদস্থ কর্মকর্তা।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, নির্বাচনের সময় সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, কিন্তু কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না।
তিনি আরও জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ৬১টি সীমান্তবর্তী উপজেলায় এককভাবে দায়িত্বে থাকবে। এছাড়া, ৩০০টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি কাজ করবে।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে কোনো ধরনের শঙ্কা দেখা দিচ্ছে না। বিজিবির বেস ক্যাম্পগুলোর মোবাইল নম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে থাকছে, এবং নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানানো সম্ভব।