নোয়াখালী-৬ আসনে দশদলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার মতো লোকই থাকবে না এবং সবাই স্বাবলম্বী হবে। গতকাল নোয়াখালীতে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, নির্বাচন এলেই সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা ও সহায়তার ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে এসব সুবিধা প্রকৃত সুবিধাভোগীরা পান না। তার ভাষায়, বৃদ্ধ ভাতা দেয়, কিন্তু বৃদ্ধরা পায় না। বিধবা ভাতা দেয়, সেটা পায় নেতাদের বউরা। ১০ টাকার চাল গরিবদের জন্য দেওয়া হয়, কিন্তু তা পায় তাদের লাঠিয়ালরা।
তিনি আরও বলেন, দেশের মানুষকে গরিব রেখে তাদের ওপর নির্ভরশীল করে রাখাই বর্তমান শাসকদের রাজনীতি। এর বিপরীতে জামায়াতে ইসলামীর আমিরের ঘোষণা উল্লেখ করে তিনি বলেন, সবাইকে স্বাবলম্বী করে তোলাই তাদের লক্ষ্য, যাতে ফ্যামিলি কার্ড নেওয়ার প্রয়োজন না থাকে।
সমাবেশে নোয়াখালীতে সম্প্রতি এক নারী রাজনীতি করার কারণে হেনস্তার শিকার হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে হান্নান মাসউদ বলেন, এই নারীবিদ্বেষীদের বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগ ও বিএনপিকে একই কাতারে ফেলে তিনি মন্তব্য করেন, চোরে চোরে মাসতুতো ভাই। সব সন্ত্রাস, সব চাঁদাবাজ একাকার হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, নিজের ভাইয়ের হত্যাকারীদের নিয়েও ধানের শীষের মিছিলে অংশ নেওয়া হচ্ছে, যা অমানবিকতার চূড়ান্ত উদাহরণ।
সমাবেশে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে। পাশাপাশি তিনি বলেন, ভারতের গোলামি নয়, বাংলার মানুষই নিজের ভাগ্য নির্ধারণ করবে।