জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি দেশ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো দেশ যদি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ দেশ একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দেশ প্রকাশ্যে ১১ দলীয় জোটের বিপক্ষে অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষ অবলম্বন করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।
নাহিদ ইসলাম বলেন, ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সমাবেশে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।