নারীদের সম্মানের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,মায়ের সন্তানই যেসব নারীর প্রতি অসম্মান দেখাচ্ছে, তারা অমানুষ। নিজের পরিবারকে সম্মান করতে পারলে সমাজের নারীরাও সম্মান পাবেন।
রোববার ( ০১ ফেব্রুয়ারি ) শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণার জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন,নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ সন্ত্রাস চালানোর চেষ্টা করে, তবে তার সমান জবাব দেয়া উচিত। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করতে হবে। প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তখন প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে।
জামায়াত আমির আরও বলেন, যুবসমাজকে নেতৃত্বে রেখে নতুন বাংলাদেশ গঠন করা হবে। তিনি বলেন, “যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। বৈষম্য, অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশ দাঁড়িয়ে যাবে।”
শ্রীবরদী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন জামায়াত নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের জন্য এটি নতুন ঘটনা নয়। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মামলার কোনো অগ্রগতি নেই।
জামায়াত আমির বলেন, আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। বৈষম্য, অন্যায় দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে দেশ দাঁড়িয়ে যাবে। সেদিন আমরা যুবকদের বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেবো। আর আমরা গিয়ে প্যাসেঞ্জার সিটে বসবো। যুবসমাজকে নিয়েই আগামীর নতুন বাংলাদেশ হবে।
নিজের হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্টের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমার এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যারা মায়েদের সম্মান জানে না তারা এমন কর্মকাণ্ডে লিপ্ত।
তিনি আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের কোনও জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না এবং পুরো দেশ রেলওয়ে যোগাযোগের আওতায় আনা হবে।