পচা রাজনীতি নয়, বরং পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে একটি স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, এই আকাঙ্ক্ষাই ছিল আমাদের যুবসমাজের। তারা জুলাই মাসে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
জামায়াত আমির বলেন, জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, পচা রাজনীতি নয়, চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়।
এ সময় তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।