জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের আইসিটি শাখার এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের আইসিটি শাখায় সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।”
ডিবি সূত্র জানায়, জামায়াতের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। তাকে ধরতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনাতেও অভিযান চালানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ‘নারীবিদ্বেষী’ পোস্ট দেওয়া হয়, যা নিয়ে ভোটের প্রচারণার মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্টটি দেওয়া হয়েছিল।
এ ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। প্রতিনিধি দলের সদস্য এবং জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম অভিযোগ করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।
তিনি জানান, অভিযোগ জানাতে গিয়ে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করে। বৈঠকে তারা অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বঙ্গভবনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।