এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন,আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি, যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তা অত্যন্ত প্রয়োজনীয়। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অন্যরাও সতর্ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। আইনের বাস্তব প্রয়োগ দেখার অপেক্ষায় রইলাম। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। দলটির নির্বাচনি প্রচার টিম এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।