বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১৩ তারিখ দেশের মানুষ ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। ওই দিনই এদেশে বিজয়ের নতুন সূর্য উদিত হবে।
বুধবার ( ০৪ ফেব্রুয়ারি ) দুপুরে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ ভাতা দিয়ে নয়, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এতে শুধু ব্যক্তির নয়, পুরো দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
উত্তরাঞ্চলকে দেশের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের কৃষক ও তিস্তা নদীর চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জামায়াতে ইসলামী আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ যেন ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ‘লাল কার্ড’ দেখায় ভোটের মাধ্যমেই তাদের প্রত্যাখ্যান করার আহবান জানান তিনি।
সমাবেশ শেষে ডাঃ শফিকুর রহমান নীলফামারী জেলার চারজন এবং লালমনিরহাট জেলার তিনজন প্রার্থীর হাতে জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাড়িপাল্লা’ তুলে দেন।