বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এমন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে যেখানে বিচার করতে গিয়ে দেখা হবে না কেউ প্রেসিডেন্ট নাকি সাধারণ মানুষ। যে অপরাধে সাধারণ মানুষের শাস্তি হয়, সেই একই অপরাধ করলে প্রেসিডেন্টও একই শাস্তি পাবেন।
বুধবার ( ০৪ ফেব্রুয়ারি ) লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিচার হবে নিরপেক্ষ। বিচার করতে গিয়ে কারো মুখের দিকে তাকানো হবে না। আইনের চোখে সবাই সমান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ‘বসন্তের কোকিল’ নয়। বিপদের সময় দলটি দেশ ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। “দেশবাসীর বুকেই আমাদের বিছানা চাই। অন্য কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নেই। বাংলাদেশ আমাদের যা দিয়েছে, সেটাই যথেষ্ট,—বলেন তিনি।
দেশ থেকে পলাতক রাজনৈতিক নেতাদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “এদেশ থেকে তারা কেন পালায়? নিজেদের তৈরি ফ্যাসিবাদের যন্ত্রণা সহ্য করতে না পেরে। যারা বলে দেশ নিরাপদ নয়, তারা পালাক্রমে দেশ শাসন করেছে তাহলে দেশ উন্নত করল না কেন?
একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কিছু মতলববাজ ও ধান্দাবাজ গোষ্ঠী জাতিকে বিভক্ত করে হিংসা-প্রতিহিংসা সৃষ্টি করেছে এবং সেই সুযোগে দেশের সম্পদ লুট করেছে। রাজনীতি ব্যবসা নয়, রাজনীতি চাঁদাবাজিও নয়।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনে জীবন দেব, কিন্তু এদেশের মায়েদের গায়ে হাত দিতে দেব না। ঘরে, রাস্তায় ও কর্মস্থলে নারীরা নিরাপদ থাকবেন। মর্যাদার সঙ্গে কাজ করার পরিবেশ আমরা নিশ্চিত করব।