আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটটি ভাগে বিভক্ত এই ইশতেহারের প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামের শহীদ, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ছবি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের প্রথম অংশের শিরোনাম দেওয়া হয়েছে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ’। এ অংশে রাষ্ট্র ও রাজনীতির মৌলিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথম অংশে মোট ১০টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
১. শাসনব্যবস্থার মৌলিক সংস্কার
২. রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন
৩. কার্যকর জাতীয় সংসদ
৪. নির্বাচনী ব্যবস্থার সংস্কার
৫. সুশাসন নিশ্চিতে জবাবদিহিমূলক জনপ্রশাসন
৬. স্থানীয় সরকারব্যবস্থা
৭. দুর্নীতিমুক্ত বাংলাদেশ
৮. স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খলার মৌলিক উন্নয়ন
৯. আইন ও বিচারব্যবস্থা
১০. তথ্য ও গণমাধ্যম
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।