বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আপস রফা করা হবে না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের অবস্থান কঠোর। যারা মামলা বাণিজ্য করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর এ টিম মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “অনেকে এখন বেসামাল। মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন? পুরো আউট হয়ে যাবেন।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “মায়েদের ঘরে চলাচলে, কর্মস্থলে এবং সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কোনো জালিম নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই বাংলাদেশ আমরা তৈরি করব।”
মানুষের কথা শোনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, মাথা ঠান্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন। মানুষ কী ভাবছে কান পেতে শোনেন। তাহলে দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে।
দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা চাঁদাবাজি করি না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেবো না।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল।