| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে: ডা. শফিক

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 97188 বার পঠিত
সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে: ডা. শফিক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, বরং দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করেছে। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠনে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “এরা আমাদের মা-বোনদের ইজ্জত পর্যন্ত রাখতে দেয় না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি গ্রহণ করবেন না। প্রয়োজনে রিকশায় চড়বেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে স্বল্পমূল্যে এমপিদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটও কেউ গ্রহণ করবে না বলে জানান। যার সামর্থ্য আছে, তিনি পরিপূর্ণ অর্থ পরিশোধ করেই গাড়ি ও ফ্ল্যাট ক্রয় করবেন।

তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। জনগণের সম্পদে কেউ হাত দিলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করা হবে। কেউ চাঁদা নিতে এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে একটি দল মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করলে আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, যার দায় পূর্বে যারা দেশ শাসন করেছে তাদের। নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতি ভুলে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

বৈষম্যহীন দেশের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই দেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু অসৎ রাজনীতির কারণে আজও বৈষম্য রয়ে গেছে।

চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাদের সন্তানেরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। যুগের পর যুগ একই পেশায় আটকে থাকা এই শ্রমজীবী মানুষদের জীবনমান উন্নয়নে চা বাগান আধুনিকায়ন ও প্রযুক্তি সমৃদ্ধ করা হবে বলে আশ্বাস দেন তিনি। “তাদের একটি সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে না—ইনশাআল্লাহ,” বলেন তিনি।

বাংলাদেশকে বিভক্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান চারটি ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। তিনি বলেন, এ দেশ একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে কারও ওপর বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না; এটা হারাম। কোনো প্রকৃত ধার্মিক মানুষ কখনো অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪