| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরবো: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 101792 বার পঠিত
১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরবো: নাহিদ ইসলাম

আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সেভাবেই সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরব। এমনটাই মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

রোববার ( ০৮ ফেব্রুয়ারি ) সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও সরকারি হাসপাতালের অভাব রয়েছে। এই এলাকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা শতভাগের কাছাকাছি প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল। ঢাকা-১১ আসনে কোনো সরকারি হাসপাতাল ও সরকারি হাইস্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা তলিয়ে যায়। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে, বাকি এলাকাগুলো অপরিকল্পিত ড্রেনেজ ও নর্দমার ওপর নির্ভরশীল। রামপুরা ও শাহজাদপুর খালসহ এলাকার গুরুত্বপূর্ণ জলাশয়গুলো দখল ও ভরাটের কারণে কার্যকারিতা হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা-১১ এলাকার উন্নয়ন ব্যাহত হওয়ার পেছনে রাজনৈতিক কারণ দায়ী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভূমিদস্যুদের কারণে শত শত মানুষের জমি ও সরকারি খাস জমি দখল হয়ে গেছে, জলাশয় ভরাট করা হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়েছে।

এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভূমি হারানো মানুষদের জমি ফিরিয়ে দেওয়া হবে, সম্ভব না হলে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূল করার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি শুধু ঢাকা-১১ নয়, সারা বাংলাদেশে বিজয়ের ব্যাপারে আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোট আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে দাবি করে তিনি সকল ভোটারকে নিজ নিজ এলাকায় ঐক্যজোটের প্রার্থীদের ভোট ও সহযোগিতা করার আহ্বান জানান।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে, যা প্রতিহত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারিকে বাংলাদেশকে দখলদার, আধিপত্যবাদ ও সন্ত্রাস মুক্ত করার দিন হিসেবে উল্লেখ করে তিনি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য তরুণ সমাজকে প্রস্তুত থাকার আহবান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪