কতিপয় লোক চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে জিম্মি রাখার চেষ্টা করছে। কয়েক দিনের মধ্যে রোজা শুরু হচ্ছে, ১৮ কোটি মানুষকে তারা জিম্মি রাখতে চাচ্ছে। এটি সহ্য করা যায় না, তাই সরকার হার্ডলাইন নিয়ে এগোচ্ছে। এমনটাই বলেছেন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারা রাজনৈতিক দাবির আড়ালে নতুন নতুন দাবি উত্থাপন করছে। নির্বাচনকে সামনে রেখে তারা গণ্ডগোল সৃষ্টি করছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ হয়েছে। “প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি যে নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এ সরকারের পক্ষ থেকে জাতির কাছে এটি স্পষ্ট প্রতিশ্রুতি,” তিনি বলেন।
এদিকে, ডিপিওয়ার্ল্ড চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে। নির্বাচনের পরও বিষয়টি নিয়ে আলোচনা চলবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকায় রবিবার সকাল ৮টায় ধর্মঘট শুরু হয়। এর ফলে বন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।