রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই গেজেট প্রকাশ করা হয়।
এর আগে, গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর অধিকার অক্ষুণ্ণ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে থাকবে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল। আচার্য হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং উপাচার্যকে সিনেট মনোনীত প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন ও নির্দেশনার ক্ষমতা রাখবে।
বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক স্কুল থাকবে। প্রতিটি স্কুলের নেতৃত্বে ‘হেড অব স্কুল’ থাকবেন। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন অভিন্ন সময়সূচি ও কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে।
ভর্তি প্রসঙ্গে বলা হয়েছে, শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হতে পারবেন। এছাড়া, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগও থাকবে।
অধ্যাদেশে আবাসিক হল, ছাত্র সংসদ নির্বাচন এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিধান থাকছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথাও বলা হয়েছে, এবং এটি তৈরি না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা থাকবে।