বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের হতাশা থেকে কিছু পক্ষ চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।
সোমবার ( ০৯ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির অভিযোগ করেন, কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টায় লিপ্ত। ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে, যা তার মতে, ভোটের স্বচ্ছতায় বাধা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আজকের মধ্যে এই বিধি বাতিল না হলে আগামীকালই জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠে নামবে জামায়াতসহ ১১ দল। “স্বৈরাচারের এসব দোসর অতীতে ক্ষমা পেলেও এবার পার পাবে না,” মন্তব্য করেন তিনি।
এ সময় জামায়াত আমির দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে দেশসেবার সুযোগ পেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি রয়েছে।