দীর্ঘ দেড় যুগ পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। ২০১৪, ১৮, ২৪ সালে ভোটের সময় জেলেই ছিলাম। আজকে ভোট দেয়ার সুযোগ পেয়েছি, মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। এর মাধ্যমে আল্লাহ বাংলাদেশের নতুন সূচনা করে দিন।
তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ এসেছে এবং এর মাধ্যমে নতুন দিনের সূচনা হয়েছে। ভোট যেন শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হয়—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার হোক এ দোয়া করি, বলেন জামায়াত আমির।
মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কিছু গণমাধ্যম যেন অপপ্রচার থেকে বিরত থাকে। পাশাপাশি জনগণকে অপপ্রচারে কান না দেওয়ার আহবান জানান।
ভবিষ্যতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে সবাই চলবো। ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা মেনে নেবো, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চ করবো।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এ সরকার হবে কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”
ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে তা মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। “ভোট সুষ্ঠু হলে, গ্রহণযোগ্য হলে সবাই এটা মানবে, আমরা এটা মেনে নেব। সবার প্রতি আহবান নিজ নিজ ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন, দেশ গঠনের গর্বিত অংশীদার হন।
অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি অপরাধ করে থাকে, আমি অপরাধের বিপক্ষে। কিন্তু যেটা অপরাধ নয়, সেটাকে জোর করে অপরাধ বানানোও একটা অপরাধ।