| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে প্রিসাইডিং ও পোলিং অফিসার বরখাস্ত

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 97317 বার পঠিত
ময়মনসিংহে প্রিসাইডিং ও পোলিং অফিসার বরখাস্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ময়মনসিংহ-১১ আসনে প্রকাশ্যে ভোট প্রদান ঠেকাতে ব্যর্থ হওয়ায় এক সহকারী প্রিসাইডিং অফিসার ও দুই পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া এবং প্রকাশ্যে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে একই আসনের বিরুনীয়া দাখিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে কয়েকজন যুবক এজেন্ট পরিচয়ে অবস্থান করছেন। তবে তাদের পরিচয়পত্রে নিজ নাম বা কোন প্রার্থীর এজেন্ট তা উল্লেখ ছিল না; শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছিল।

বিরুনীয়া কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, “আমি একটু অসুস্থ বোধ করছিলাম, তাই বিষয়টি খেয়াল করতে পারিনি।” পরে সংবাদকর্মীদের উপস্থিতিতে তিনি এজেন্টদের নিজ নিজ প্রতীকের নাম পরিচয়পত্রে উল্লেখ করতে অনুরোধ জানান।

হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, “অনেক কেন্দ্র থেকেই আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ধানের শীষের প্রার্থীর সমর্থকরাই এসব করছে। এটি একটি প্রহসনের নির্বাচন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, “প্রকাশ্যে ভোট দিতে ভোটারকে বাধা না দেওয়ায় কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪