ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ব্যাপক অংশগ্রহণে ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশবাসীর চমৎকার অংশগ্রহণে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ আস্থা নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। এটি জাতির জন্য একটি নতুন অভিজ্ঞতা।
তিনি অভিযোগ করে বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের একাধিক কেন্দ্রে দলের প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা।
তবে বিচ্ছিন্ন এসব ঘটনার পরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন এহসানুল মাহবুব জুবায়ের।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটা পর্যন্ত শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।