জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, তাঁর দল জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে।
ডা. শফিকুর রহমান বলেন, শুরু থেকেই আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতি এখনও অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যদিও নির্বাচনের ফলাফলে অনেকে হতাশ, তবুও তাঁদের প্রচেষ্টা বৃথা যায়নি। জামায়াত সংসদে ৭৭টি আসনে পৌঁছেছে, যা দলের উপস্থিতিকে প্রায় চারগুণ বৃদ্ধি করেছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী ব্লকের অবস্থান নিশ্চিত করেছে।
জামায়াত আমির আরও বলেন, রাজনীতির ভাগ্য পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মাত্র ৩০টি আসনে অংশ নিয়েছিল, যেখান থেকে ২০২৬ সালে তারা সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ, এবং এই পথে দায়িত্বশীলভাবে মানুষের আস্থা অর্জন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা ও জাতীয় অগ্রগতিতে অবদান রাখা প্রধান লক্ষ্য হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য নয়; এটি গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা করা এবং ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার উদ্দেশ্যে ছিল। দল নীতিভিত্তিক, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে।
তিনি শেষ পর্যন্ত জানান, নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অবিচল থাকবে।