| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে কারচুপির অভিযোগ জামায়াত জোটের, যাচ্ছে আদালতে

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 218525 বার পঠিত
নির্বাচনে কারচুপির অভিযোগ জামায়াত জোটের, যাচ্ছে আদালতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, এসব আসনের ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করলেও বাস্তবে বিভিন্ন অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে। অভিযোগ করে তিনি বলেন, অনেক স্থানে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো ঘটনা ঘটেছে।

জুবায়ের জানান, নির্বাচন চলাকালেই এসব অনিয়মের বিষয় রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কিছু আসনে দ্রুত ফলাফল প্রকাশ করা হলেও, ইচ্ছাকৃতভাবে কয়েকটি আসনের ফল বিলম্বিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকার কয়েকটি আসনের ফলাফল ভোর ৫টায় সংগ্রহ করতে হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। পাশাপাশি ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে এবং সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে দলীয় কর্মী-সমর্থক, এজেন্ট এবং কিছু ক্ষেত্রে নারী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি জানান, এসব ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং গণমাধ্যমেও বিভিন্ন ঘটনা প্রকাশিত হয়েছে। কিছু ক্ষেত্রে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪