নির্বাচনোত্তর সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহবান জানান। পোস্টের শুরুতে তিনি সহকর্মীদের উদ্দেশে সালাম জানিয়ে নির্বাচনোত্তর পরিস্থিতিতে সবার খোঁজখবর নেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকা থেকে একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল ব্যক্তির বিরুদ্ধে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন, ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রান্ত থেকে তথ্য এসেছে।
জামায়াত আমির বলেন, ন্যায় ও সত্যের ওপর অবিচল থাকার প্রত্যয়ে তারা অটল থাকবেন এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না। যেখানে এ ধরনের আঘাত আসবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
সহকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাধারণ জনগণের পাশে শক্তভাবে দাঁড়াতে হবে। এটিকে তিনি মানবতা, মহান আল্লাহর প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এ দাবিতে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে দেশবাসীর জন্য দোয়া কামনা করে তিনি মহান আল্লাহর সহায়তা প্রার্থনা করেন।