ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এই দাবি জানান জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি-ধমকি এবং জাল ভোটের মতো অনিয়ম ঘটেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০টি পিস্তল এখনও উদ্ধার হয়নি, যা নির্বাচনে প্রভাব ফেলেছে বলে তার দাবি। হামিদুর রহমান আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে।
জোটের পক্ষ থেকে নির্বাচনের ফলাফলের দ্রুত গেজেট প্রকাশ এবং ভোটের হারের অস্বাভাবিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি উল্লেখ করেন, ঢাকায় এক কেন্দ্রে ফলাফল শিটে প্রার্থীর এজেন্ট মুসলিম হলেও হিন্দু স্বাক্ষর থাকায় কারচুপি হয়েছে।
এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে ১১ দলীয় জোট ৩২টি আসনে ভোট পুনর্গণনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, লেবার পার্টি ও এনসিপির কেন্দ্রীয় নেতারা।
জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন।