বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৫২ সালের ভাষা শহীদরা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন—বীরদের কোনো পরাজয় নেই, তারা সর্বত্রই বিজয়ী হন। তিনি বলেন, লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমাদের জীবনের বিনিময়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই চালিয়ে যাবো, ইনশাল্লাহ।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনার-এ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে আজিমপুর কবরস্থান-এ শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সে সময়ের তরুণ, যুবক ও ছাত্ররা বুক পেতে লড়াই করেছিলেন। সেই আন্দোলনে কয়েকজন সহযোদ্ধা শাহাদাত বরণ করেন। তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে আল্লাহ তায়ালার দরবারে তাদের মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য লড়াই করে এবং বাংলাদেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। “যেখানে মানুষ ন্যায়বিচার পাবে, দেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজির কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কারও ওপর অবিচার করার দুঃসাহস কেউ দেখাবে না—সেরকম একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের সংগ্রাম,” বলেন তিনি।
জামায়াত আমির জানান, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রকে দায়িত্বশীল করতে হবে। মজুর, মাঝি, শ্রমিক, কৃষকসহ সব পেশার মানুষের মুক্তির জন্যই তাদের এই আন্দোলন। এই লড়াই কোনো অভিজাত শ্রেণীর জন্য নয়; বরং বঞ্চিত মানুষের জন্য। বঞ্চিত আমরা, বঞ্চিত সারা দেশবাসী। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে,” যোগ করেন তিনি।