রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও একটি মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।
পুলিশ জানায়, ভোরে ২০ থেকে ২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ঝটিকা মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন। খবর পেয়ে ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
এ সময় মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মিছিলে অংশগ্রহণকারীদের বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।