বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জরুরি দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। আবিদুর রহমান সোহেল বগুড়া শহর জামায়াতের আমির এবং দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি একই আসনে তারেক রহমান-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আবিদুর রহমান সোহেলকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।