সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
আসিফ মাহমুদ জানান, তার ব্যক্তিগত দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা আছে। উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনকালে বেতন-ভাতা, বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারে যোগ দেওয়ার আগে ওই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮২ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই সেলারি অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরে তিনি বলেন, তার বাবার পাঁচটি অ্যাকাউন্টে বর্তমানে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। অর্থাৎ অ্যাকাউন্টের টাকার সঙ্গে লোন সমন্বয় করলে এখনো ৮২ হাজার ৪৫ টাকা ঋণ রয়েছে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা।
সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, তার সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা সামনে আসার পরই একটি মহল তার বিরুদ্ধে নানা গুঞ্জন ছড়াচ্ছে। রহস্য তৈরির চেষ্টা ঠেকাতেই তিনি নিজেই স্বেচ্ছায় নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন।