ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে এ ঘটনায় ‘স্বঘোষিত রাজসাক্ষী’ বলেও উল্লেখ করেছে দলটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ড. খলিলুর রহমান ‘লন্ডন ষড়যন্ত্রের’ প্রধান হোতা ছিলেন। তিনি বলেন, “খলিলুর রহমান ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে সুবিধা দেওয়ার জন্য কাজ করেছেন এবং তার পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন।” এ কারণে তাকে অপসারণ এবং নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।
তাহের বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুরুতে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে কেন্দ্র দখল, জাল ভোট এবং বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আসে। তার দাবি, অনেক কেন্দ্রে শুরুতেই তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং প্রিসাইডিং অফিসার ও কিছু এজেন্টের যোগসাজশে ব্যালট কারচুপির ঘটনাও ঘটেছে।
তিনি জানান, এসব অভিযোগের ভিত্তিতে দলটির পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ৫৩টি আসনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।
এ সময় তিনি বলেন, “গতকাল আমরা একজন রাজসাক্ষী পেয়েছি, তিনি হচ্ছেন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।” তাহেরের দাবি, রিজওয়ানা হাসান এক সাংবাদিকের কাছে এমন মন্তব্য করেছেন যা থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের ইঙ্গিত পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেকে নিরপেক্ষ দাবি করলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। উপদেষ্টাদের ভবিষ্যতে কোনো দলীয় সরকারে অংশ না নেওয়ার নীতির কথা উল্লেখ করে তাহের বলেন, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ড. খলিলুর রহমান পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সেই নীতির লঙ্ঘন হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সদস্য জাহিদুর রহমান।