বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, যা ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন আসিফ আকবর।মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে প্রায় ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকার একটি আর্থিক লেনদেন সম্পন্ন হয়।
জিডির তথ্যে বলা হয়েছে, ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম এবং ডা. শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। লেনদেনের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ-এর ব্যাংক হিসাবে এবং বাকি অর্থ নগদে প্রদান করা হয়।
অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, মোট অর্থের মধ্যে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত পেয়েছেন তিনি। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা দীর্ঘ সময় ধরে পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে আসিফ আকবর নানাভাবে সময়ক্ষেপণ করেছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
পরে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে তিনি আইনি পদক্ষেপ হিসেবে জিডি করেন। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা আবেদনে ডিউটি অফিসার আবু হানিফ স্বাক্ষর করেন।
এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় এবং মোহাম্মদ রাহাত খান-কে।
এদিকে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, অভিযোগের মুখে থাকা আসিফ আকবর সম্প্রতি লন্ডনে গেছেন। তবে এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।