ফুটবল বিশ্বকাপ শুরুর আর কয়েক দিন বাকি এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনকে ঘিরে ৩০টির বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে।এই বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে অভিনব উদ্যোগ নিয়েছে মেক্সিকো। দেশটির পুলিশ অপরাধ দমনে ব্যবহার করবে রোবট কুকুর।
চার পায়ে হাঁটা এই রোবটগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করতে পারবে। সেখানে গিয়ে লাইভ ভিডিও পাঠাবে নিরাপত্তা বাহিনীর কাছে। পুলিশ পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘেউ ঘেউ করতে না পারলেও অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে চারপাশ পর্যবেক্ষণ করবে এটি। মঙ্গলবার (২ জুন) স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মন্তেরে শহরের আশপাশের এলাকা গুয়াদালুপে সিটি কাউন্সিল ২৫ লাখ পেসো দিয়ে এসব রোবট কিনেছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
স্থানীয় সরকারের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি রোবট কুকুর পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে হাঁটছে। এমনকি কিছুটা কষ্ট হলেও সিঁড়ি দিয়ে ওপরে উঠতে সক্ষম হয়। সেই সাথে রোবটটি সামনে এগিয়ে গিয়ে সরাসরি লাইভ ছবি পাঠাচ্ছে। পেছনে ধীরে ধীরে পুলিশ সদস্যরা পর্যবেক্ষন করছেন। এক পর্যায়ে একজন সশস্ত্র ব্যক্তিকে লাউডস্পিকারের মাধ্যমে তাকে অস্ত্র নামাতে নির্দেশ দেয়।
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উন্নত রোবোটিক প্রযুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে রোবট কুকুর এবং যেকোনো ধরনের সংঘর্ষের পরিস্থিতিতে এগুলো ব্যবহার করা হবে।
সূর্যয় / আয়না নিউজ