ইংলিশ ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল এফসির সঙ্গে তার দীর্ঘ ও সফল যাত্রার সমাপ্তি ঘটবে এ ঘোষণা দিয়েছেন স্বয়ং এই মিশরীয় তারকা।
মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ তার বিদায়ের ঘোষণা দেন। আবেগঘন সেই বার্তায় তিনি ইঙ্গিত দেন, সময় এসে গেছে নতুন পথে হাঁটার।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই দলের আক্রমণভাগের প্রধান শক্তিতে পরিণত হন সালাহ। ক্লাবটির জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তার ওপরে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।
শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলগত অর্জনেও সালাহ ছিলেন অন্যতম স্তম্ভ। তার সময়েই লিভারপুল জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপসহ একাধিক বড় শিরোপা। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার অনবদ্য পারফরম্যান্সে তিন দশকের লিগ শিরোপা খরা কাটায় ক্লাবটি যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বার্তায় সালাহ লিভারপুলকে কেবল একটি ক্লাব নয়, বরং নিজের জীবনের অংশ হিসেবে উল্লেখ করেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখানে কাটানো সময় তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো উপহার দিয়েছে।
তবে এই বিদায় পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। সম্প্রতি নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন সালাহ, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছিল।
এখন প্রশ্ন লিভারপুল-পরবর্তী গন্তব্য কোথায় হবে এই সুপারস্টারের? ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই উত্তরের দিকেই।