ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়র-এর অনুপস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না এবং সরাসরি কোচ কার্লো আনচেলত্তি-র সমালোচনা করেছেন।
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেওয়ার পর ব্রাজিলিয়ান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও স্পষ্ট করে বলেন, জাতীয় দল সবসময় সেরা ও সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের জায়গা। তার মতে, নেইমারের মতো বিশ্বমানের ফুটবলারকে কোনো অবস্থাতেই উপেক্ষা করা উচিত নয়।
রোমারিও বলেন, “নেইমার ১০০ ভাগ ফিট না থাকলেও তাকে দলে রাখা উচিত। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে একজন নেইমার অনেক বেশি কার্যকর।”
অন্যদিকে, আনচেলত্তি নিজের অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে নেইমারকে দলে নেওয়া হবে না। কোচের যুক্তি, “৮০ ভাগ ফিট খেলোয়াড় দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়।”
উল্লেখ্য, ২০২৩ সালে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ২০২৫ সালে ফিরে এলেও গত ডিসেম্বরে আবার অস্ত্রোপচার করাতে হয় তাকে। বর্তমানে তিনি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস-এর হয়ে খেলছেন, তবে তার পূর্ণ ফিটনেস নিয়ে এখনো সংশয় রয়েছে।
এদিকে আনচেলত্তি অভিজ্ঞ খেলোয়াড় যেমন অ্যালিসন বেকার, ক্যাসিমিরো এবং ভিনিসিউস জুনিয়র-এর পাশাপাশি তরুণ প্রতিভা এনড্রিক-এর ওপর বেশি ভরসা রাখছেন।
নিজের অভিজ্ঞতা টেনে রোমারিও জানান, ২০০২ বিশ্বকাপে তাকে দল থেকে বাদ দেওয়ার কষ্ট এখনো তিনি ভুলতে পারেননি। তার মতে, প্রীতি ম্যাচ নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার জায়গা হতে পারে, কিন্তু নেইমারের মতো তারকার যোগ্যতা প্রমাণের প্রয়োজন নেই।
রোমারিও এখনো বিশ্বাস করেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে নেইমারই সবচেয়ে বড় ভরসা। তিনি আশা করছেন, নেইমার ক্লাব ফুটবলে পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নেবেন।
২০২৬ বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নেইমারকে ঘিরে এই বিতর্ক ব্রাজিল ফুটবলে নতুন উত্তাপ তৈরি করেছে। এখন দেখার বিষয়, আনচেলত্তি কি রোমারিওর পরামর্শ মেনে চলবেন, নাকি নিজের কঠোর নীতিতেই অটল থাকবেন।