বিশ্বকাপের বাকি মাত্র ৭২ দিন। প্রধান কোচ লিওনেল স্কালোনির কাছে তাদের শিরোপা ধরে রাখার মিশনে ‘বেশ পরিষ্কার’ তালিকা রয়েছে। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক উইন্ডোর শেষ দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে চূড়ান্ত করবে আর্জেন্টিনা স্কোয়াড।
বিশ্বকাপজয়ী কোচ অন্য খেলোয়াড়দের একটু সুযোগ দিতে মৌরিতানিয়ার বিপক্ষে ১৯ জন খেলোয়াড়কে অদলবদল করে খেলান স্কালোনি। আর্জেন্টিনা আগামীকাল জাম্বিয়ার বিপক্ষে এই উইন্ডোর শেষ ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করবেন স্কালোনি। বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ জনের তালিকা জমা দেয়া হয়েছে যা ফিফার কাছে উপস্থাপন করা হবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে নামের তালিকা ছোট করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একদম শেষ মুহূর্তে। আমাদের দলের জন্য যা সবচেয়ে ভালো হবে সেটাই ভাবব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। যদি পারফরম্যান্স সন্তোষজনক না হয়, তবে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নেব।’
আত্মসমালোচক স্কালোনির পাশাপাশি ১১৫তম র্যাঙ্কিঙ্গে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই ম্যাচে খেলোয়াড়দের আত্মউপলব্ধি নিয়ে কোচ বললেন, ‘এটা ভালো লক্ষণ যে, তারা (খেলোয়াড়রা) বুঝতে পেরেছে ম্যাচটা ভালো ছিল না। আশা করি, আমরা যে রূপে দলকে আবার দেখতে চাই, সেটা তারা করে দেখাবে।’
স্কালোনি আরও যোগ করে বলেন, বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের পরই ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক দলকে ৩০ মের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন ‘জে’ গ্রুপে তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।