আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে ইরাক। পশ্চিম এশিয়ার দেশটি ৪০ বছর পর ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারানো ইরাকে মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ৪৮টি দেশ। ইরাক এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ হাতছাড়া করে। তবে প্লে-অফ নিশ্চিত করেই উৎসবে মাতে দেশটি।
ইরাকের কোচ গ্রাহাম আরনল্ড জানিয়েছিলেন,বাগদাদে তারা রাস্তায় নেমে পতাকা হাতে বড় জমায়েত নিয়ে বিজয় উদযাপন করেছে। তাদের আবেগ ব্যাপক এবং দেশের জন্য এই খেলোয়াড়রা খুব নিবেদিত।’
আলি আলমাহাদি ম্যাচের ১৮ মিনিটে ইরাককে লিড এনে দেন। ৩৮ মিনিটে বলিভিয়ার মইসেস পানিয়াগুয়া স্কোরশিট ১-১ করেন। কিন্তু লাতিন দেশটির সব আশা ভেস্তে দিয়ে আইমেন হুসেইন ৫৩ মিনিটে ইরাককে ২-১ ব্যবধানে জয়ও নিশ্চিত করে ফের এগিয়ে দেন। এর মধ্য দিয়ে ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা ইরাককে দ্বিতীয়বার সেই স্বাদ দিলেন অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড। তিনিই একমাত্র অস্ট্রেলিয়ান কোচ যিনি কোচ হিসেবে নিজ দেশের পর আরেকটি ভিন্ন দেশকে বিশ্বকাপে তোলার কীর্তি গড়লেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ চলবে। ইরাক টুর্নামেন্টের মূলপর্বে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গ্রুপ ও খেলার সূচি নিশ্চিত হয়ে গেছে। ‘আই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও তাদের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স এবং ২৬ জুন টরোন্টোতে সেনেগালের বিপক্ষে লড়বে।