মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে গত কয়েক মাসে কত কাণ্ডই না ঘটে গেল। জল গড়িয়ে সম্পর্কে ফাটল, বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বিশ্ব ক্রিকেট ছিল টালমাটাল। এত কিছুর ভেতরে চুপ করে থাকা আইপিএল কর্তৃপক্ষ ঘটনার তিন মাস পর অবশেষে মুখ খুলেছেন। মুস্তাফিজের ব্যাপারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিলেন আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল।
ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ ইস্যুকে তিনি দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন,তখন ঘটনাটি যেভাবে ঘটেছিল তখন সরকারের খুব বেশি কিছু করার ছিল না। মাঝেমধ্যে পরিস্থিতি কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তবে তিনি আশা করেন নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং আগামীতে এমন কিছু ঘটবে না।
বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল মুস্তাফিজকে। বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে সে সময় কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছিল, ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে।