লাহোর কালান্দার্সের জার্সিতে ব্যয়বহুল মুস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে ২০ রানে জয় নিশ্চিতের পথে তিনি ৩ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন এই বাংলাদেশি তারকা। ফিজ ছাড়িয়ে গেলেন বোলিংয়ে নিজের আদর্শ ও পাকিস্তানি তারকা মোহাম্মদ আমিরকে।
আজ (শনিবার) রাতে পিএসএল ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের হয়ে আমির খেলতে নামবেন। যেখানে আছে মুস্তাফিজের জাতীয় দল সতীর্থ রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নেমে যদি আমির একাধিক উইকেট পায় তাহলে ফিজের রেকর্ড আবারও দখলে নেবেন তিনি। পাকিস্তানি এই তারকা রাওয়ালপিন্ডির সর্বশেষ দুই ম্যাচে একটি করে উইকেট নেন। নবাগত ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের দুটি খেলাতেই হেরেছে।
এখন দেখার বিষয় মুস্তাফিজ রেকর্ডটি কতো সময় নিজের দখলে রাখতে পারেন। আমির চলমান পিএসএল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও নিয়মিত মুখ। বাংলাদেশি কাটার মাস্টার ফিজ বাঁ–হাতি পেসারের হিসাবে কেবল এগিয়ে থাকবেন আন্তর্জাতিক ম্যাচের হিসাবে। এ পর্যন্ত কম ম্যাচ খেলে আমিরের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। মুস্তাফিজ ৩২৫ টি-টোয়েন্টিতে ৪১৬ এবং আমির ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট শিকার করেন।
বাঁ–হাতি পেসার মুস্তাফিজ আন্তর্জাতিক ম্যাচের হিসাবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হলেও বোলার কিংবা শুধু পেসারদের হিসাবে তার উপরেও রয়েছে বেশ কয়েকটি নাম। স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার তালিকায় মুস্তাফিজের অবস্থান৭ নম্বরে। টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারের তালিকায় মুস্তাফিজের উপরে যথাক্রমে অবস্থান করছেন– রশিদ খান (৭০৩), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৬১৪), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮), সাকিব আল হাসান (৫০৭) ও ক্রিস জর্ডান (৬৪৬)। এরপরই আছেন মুস্তাফিজ ও আমির। সবমিলিয়ে আফগানিস্তানের রশিদের পরই দুইয়ে আছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের চেয়ে এগিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব। গত বছরের সেপ্টেম্বরে তাকে ছাড়িয়ে ফিজ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ (১৫৮) শিকারের রেকর্ড গড়েন। সাকিবের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় স্বীকৃত টি-টোয়েন্টিতেও তাকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সতীর্থ পেসার ফিজের সামনে।