সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে শোভাযাত্রা। ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত, যেখানে রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।
বিশেষ এই আয়োজনের মাধ্যমে দেশের ফুটবল সমর্থকরা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য উদযাপন করতে পারবেন। বাফুফে সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।
বুধবারের (৩ এপ্রিল) ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশের যুব ফুটবল দল ম্যাচটি টাইব্রেকারে জিতে শিরোপা নিশ্চিত করে। শেষ শটটি নেওয়া রোনান সুলিভানের ‘পানেনকা’ শটে গোল হলে দেশজুড়ে উল্লাসের বন্যা বইতে থাকে।
পুরুষ বয়সভিত্তিক দলের জন্য এটি প্রথমবারের মতো এমন বর্ণিল সংবর্ধনার আয়োজন। এর আগে নারী দল একাধিকবার এ ধরনের সংবর্ধনা পেয়েছে।