ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস গত বছরের নভেম্বরে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে শুরু হয় আলোচনা। চেলসির সাবেক এই তারকা প্রায় ৫ মাস পর জানালেন তার চূড়ান্ত সিদ্ধান্ত। মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবল থেকে অবসর নিচ্ছেন জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো।
অস্কারের ২০২৭ সালের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও চলতি সপ্তাহেই সেই চুক্তির ইতি টানছেন তিনি। ভাসোভাগাল সিনকোপে আক্রান্ত হয়ে সার্জারির কারনে আর খেলতে পারেননি তিনি।
২০২৪ সালের শেষে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষ করে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরেন অস্কার। গত নভেম্বর মাসে সাও পাওলো ক্লাবের বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অস্কার বলেন,‘সাও পাওলোর জন্য আমি আরও বেশি কিছু করতে এবং খেলতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিস্থিতিতে আমি অবসরে যাচ্ছি এবং সাও পাওলোকে একজন ভক্ত হিসেবে সমর্থন করে যাব।’
ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে ক্লাব ফুটবলে উপভোগ্য সময় কাটানো অস্কার ২০১২ সালে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ এবং দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন। ৭৩ মিলিয়ন ডলারে ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে চাইনিজ ক্লাবে যোগ দিয়ে তিনটি সুপার লিগ শিরোপাজয়ী এই মিডফিল্ডার এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন।
অস্কার ব্রাজিল জাতীয় দলে অপার সম্ভাবনা নিয়ে আসলেও ২০১৫ সালের পর তাকে সর্বোচ্চ বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে আর দেখা যায়নি। এই অ্যাটাকিং মিডফিল্ডার ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেছেন ব্রাজিলের হয়ে।
ফার এ / আয়না টিভি