বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে গঠিত এই কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সাক্ষাৎকার গ্রহণ করেছে।
তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করা হয়েছে এবং কাউকে লক্ষ্য করে কাজ করা হয়নি। তিনি বলেন, আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।
এদিকে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ দাবি করেন, বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর মন্ত্রণালয়ের এই ধরনের তদন্ত এখতিয়ার বহির্ভূত। তিনি অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগেভাগে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা আদালত অবমাননার শামিল। পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার দাবি, বোর্ড ডিরেক্টরদের ওপর চাপ সৃষ্টি করে পরবর্তী বোর্ডে পদ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে এবং রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলে তিনি তাদের এখতিয়ার সম্পর্কে জানতে চান, তবে সন্তোষজনক কোনো উত্তর পাননি। তাই তিনি এই প্রক্রিয়াকে নিয়মবহির্ভূত মনে করে সাক্ষাৎকারে অংশ নেননি।
এ ঘটনায় বিসিবি নির্বাচন ও তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ