ভুটান ও ম্যাকাও নারী ফুটবল দলের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের তিনজন ম্যাচ অফিসিয়াল। এ উপলক্ষে ইতোমধ্যেই ভুটানে পৌঁছেছেন ফিফা রেফারি শারাবান তহুরা এবং সহকারী রেফারি সালমা আক্তার মনি ও আসাদুল ইসলাম।
ফিফা টায়ার-ওয়ান মর্যাদাপ্রাপ্ত এই আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে দুই বাংলাদেশি কর্মকর্তার জন্য, কারণ এর মধ্য দিয়েই সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হতে যাচ্ছে শারাবান তহুরা ও আসাদুল ইসলামের। চলতি বছরই তারা ফিফার স্বীকৃত রেফারি ও সহকারী রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শারাবান তহুরা ও আসাদুল ইসলামের। অন্যদিকে, সালমা আক্তার মনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন। দক্ষিণ এশিয়া ও এশিয়ান পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপস্থিতি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুপারিশে ভুটান ফুটবল ফেডারেশন এই ম্যাচের জন্য বাংলাদেশের এই তিন ম্যাচ অফিসিয়ালকে নিয়োগ দিয়েছে। ম্যাচটি শেষে আগামী ৮ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তাদের।
এই নিয়োগ বাংলাদেশের ফুটবল রেফারিদের আন্তর্জাতিক অঙ্গনে অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ