| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদের পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১৮

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 126 বার পঠিত
মসজিদের পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১৮

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুর থেকে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) গাবরগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক ও মো. এনামুল হকের নেতৃত্বে একদল লোক মসজিদের পুকুর থেকে মাছ ধরেন। এ সময় মসজিদ কমিটির লোকজন তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, মাছ ধরতে আসা লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেন এবং পরে মাছ নিয়ে চলে যান।

এ ঘটনার পর মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন থানায় লিখিত অভিযোগ দেন। পরে রোববার দুপুরে ঘটনার প্রতিবাদে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের সময় আব্দুর রাজ্জাক পক্ষের লোকজন সেখানে উপস্থিত হয়ে তা বন্ধ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন।

মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, পুকুরের মাছ মসজিদের উন্নয়নের জন্য ব্যবহার করা হলেও একটি পক্ষ তা আত্মসাৎ করছিল। শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালিয়ে তারা আরও ক্ষতি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অন্যদিকে আব্দুর রাজ্জাক বলেন, তিনি আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন, পরে এ বিষয়ে কথা বলবেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪