চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ আগুনে ১১টি পরিবারের ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ মে) দুপুরে রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়। একটি ঘর থেকে শুরু হওয়া আগুন দ্রুত পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক বসতঘর, ফলে পুরো এলাকা আগুনে পুড়ে লণ্ডভণ্ড হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের সূত্রপাত হয় দেলোয়ার হোসেনের ঘর থেকে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে মোকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম ও মামুনসহ মোট ১১টি পরিবারের ঘরে। এতে এসব পরিবারের ২০টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
আগুনে শুধু বসতঘরই নয়, পুড়ে গেছে আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, কয়েক মিনিটের ব্যবধানে তাদের বছরের পর বছরের সঞ্চয় ও জীবনের সব সম্বল শেষ হয়ে যায়।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অধিকাংশ ঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা বলছেন, একটি অগ্নিকাণ্ডই ১১টি পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয় কেড়ে নিয়েছে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার দিকে তাকিয়ে আছে।
সৈকত/ হাফিজ/ আয়না নিউজ