কৃষক সংকট ও কার্ড প্রকল্প নিয়ে সরকারের সমালোচনা করে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অতীত সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করে এবার তারা প্রতীকীভাবে ‘লাল কার্ড’ কর্মসূচি চালু করেছে।
বুধবার (১৩ মে) রাজধানীতে ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে স্মার্ট কার্ড প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিপুল অর্থ অপচয় ও অনিয়ম হয়েছে। একই ধারায় বর্তমানে নতুন নতুন প্রকল্প যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও দেশের প্রকৃত ধান পানিতে তলিয়ে গেছে। তার অভিযোগ, বাজেটে শুধু বিভিন্ন কার্ড হাতে ধরিয়ে দিলেই কৃষকের সমস্যা সমাধান হবে না; কৃষক কতটা বাস্তবে সুবিধা পাচ্ছে সেটি মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, ‘আমরাও কার্ড এনেছি লাল কার্ড। এসব প্রকল্প যদি ব্যর্থ হয়, তাহলে আমরা লাল কার্ড দেখাবো।’
কৃষি সংকট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে একটি কার্যকর অ্যাকশন প্ল্যান দিতে হবে, যেখানে কৃষকের বসতভিটা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক গুদামঘর চালুরও দাবি জানান তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে নীতিগতভাবে দুর্বল অবস্থানে চলে গেছে, যার কারণে বড় বড় ইস্যুতে কার্যকর প্রতিবাদ দেখা যাচ্ছে না।
এদিকে সেমিনারে এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা প্রতিফলিত হয়নি। তার মতে, মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত না করলে বর্তমান কৃষি সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
হাফিজ/ আয়না নিউজ