সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবার জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালে প্রথমবার প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর স্বাধীন বাংলাদেশে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেন। এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন :
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না : নাহিদ
রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও যুক্ত ছিলেন। কক্সবাজারে পারিবারিক উদ্যোগে হোটেল সায়মন সম্প্রসারণের পাশাপাশি তিনি চট্টগ্রামের ‘পেনিনসুলা চিটাগাং’ নামে একটি আন্তর্জাতিক মানের হোটেলের চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানিয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
হাফিজ/ আয়না নিউজ