নীলফামারী প্রতিনিধি : দেশে ক্রমবর্ধমান ধর্ষণ, শিশু নির্যাতন, খুন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘ছাত্রবন্ধন সোসাইটি’।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় নীলফামারী পৌর উন্মুক্ত মঞ্চে সংগঠনটির উদ্যোগে এক ব্যতিক্রমী ও অভিনব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ধর্ষণ, শিশু নির্যাতন, খুন ও বিচারহীনতার বিরুদ্ধে কণ্ঠরুদ্ধ মানুষের স্লোগান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নীরব প্রতিবাদের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচিতে প্রথাগত স্লোগানের বদলে “বাঁধা কণ্ঠের মিছিল” ও “রুদ্ধস্বাক্ষর” প্রদর্শন করা হয়, যা উপস্থিত পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নীরব প্রতিবাদ জানান।
‘ছাত্রবন্ধন সোসাইটি’র সভাপতি আসাদুজ্জামান আপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শিশু অধিকারভিত্তিক সংস্থা ‘কিডরাইটস’-এর বোর্ড সদস্য শ্রেয়া ঘোষ।
বক্তারা বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গঠন এবং অপরাধীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ