| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে ভেকুর ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 20430 বার পঠিত
ঝালকাঠিতে ভেকুর ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে এস্কেভেটর (ভেকু) মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খননের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলে করে কর্মস্থল ভান্ডারিয়া থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। হঠাৎ ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় তার হেলমেট ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এবং নিয়ম না মেনে ভেকু মেশিনটি মহাসড়কে তোলা হচ্ছিল। এতে সড়কে চলাচলকারী যানবাহন ঝুঁকির মুখে পড়ে। তাদের দাবি, চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ভেকু মেশিনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪