| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের অনুষ্ঠানে পাসপোর্ট চুরি, নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 20030 বার পঠিত
বিয়ের অনুষ্ঠানে পাসপোর্ট চুরি, নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

সৌদি আরবের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ধাক্কা লেগেছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নেদারল্যান্ডসে গিয়ে পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র চুরির শিকার হয়েছেন সৌদি ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। এতে করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না এই ডিফেন্ডার।

সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, পরিবারের সঙ্গে আমস্টারডামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন আব্দুলহামিদ। সেখানে তার ব্যক্তিগত গাড়ি ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে ফেলেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী তার রিয়াদে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চুরির ঘটনায় পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তিনি নেদারল্যান্ডসেই আটকা পড়েন।

ফেডারেশন জানায়, বিষয়টি নিয়ে তারা ক্রীড়া মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে। দ্রুত জরুরি ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর মাধ্যমে তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

বর্তমানে ধারে ফরাসি ক্লাব আরসি লেন্সে খেলছেন আব্দুলহামিদ। তার মূল ক্লাব ইতালির এএস রোমা। সম্প্রতি কোচ জর্জিওস দোনিসের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি।

এদিকে সৌদি জাতীয় দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে নিউ ইয়র্ক ও টেক্সাসে প্রস্তুতি ক্যাম্পের জন্য। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪