| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা কাল

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 366 বার পঠিত
ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা কাল

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমায় প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী ঈদের আয়োজন সম্পন্ন হয়েছে।

ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে একত্রিত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য এবং ইসলামের ত্যাগের শিক্ষা তুলে ধরবেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সরকারের প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পৃথক বাণীতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এ উপলক্ষে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ ঈদ অনুষ্ঠান সম্প্রচার করছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী, হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাঈল (আ.)-কে আল্লাহর নির্দেশে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। পরে আল্লাহ তাঁর আনুগত্যের পরীক্ষা গ্রহণ করে ইসমাঈলের পরিবর্তে পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণেই ইসলামে কোরবানির বিধান প্রচলিত।

ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের গভীর সম্পর্ক রয়েছে। সৌদি আরবে এরই মধ্যে ঈদ উদযাপিত হচ্ছে এবং হজযাত্রীরা আরাফাতের ময়দানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বিশ্বের বিভিন্ন দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।

এদিকে ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে দীর্ঘ সরকারি ছুটি শুরু হয়েছে, যা ৩১ মে পর্যন্ত চলবে। এ সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে হাসপাতাল, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো চালু থাকবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সব সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বা ভোগান্তির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪