ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ও কারা নির্যাতিত নেতা মো. আমিনুল ইসলাম বাবু তালুকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল ১০টায় নাচনমহল বাজারে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মোল্লার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নাচনমহল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম খোকনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার তিন দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বক্তারা আরও ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে নলছিটি থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ